লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : 
টানটান উত্তেজনার মধ্যে লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী সহ তিনটি বিল পাশ করাতে ব্যর্থ হোল কেন্দ্রীয় সরকার। গতকাল শুরু হওয়া এই বিশেষ অধিবেশন নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল তুঙ্গে উঠেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের তিনটি বিল পাশ করানোর প্রাণপণ প্রয়াস সভায় প্রয়োজনীয় সংখ্যার অভাবে আজ ব্যর্থ হয়।
আজ বিকেলে ভোটাভুটিতে বিলের পক্ষে ২৭৮ ও বিপক্ষে ২১১ টি ভোট পড়ে।
কংগ্রেস সহ বিরোধীরা প্রথম থেকেই বিশেষ অধিবেশন ডেকে এই তিনটি বিল পাশ করানোর কেন্দ্রীয় প্রয়াসের বিরুদ্ধে ছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এতদিন কেন মহিলা সংরক্ষণ বিল কার্যকর হয়নি? এই বিলের সঙ্গে এলাকা পুনর্বিন্যাসকে জুড়ে দিয়ে কেন্দ্রের শাসক আগামী লোকসভা নির্বাচনে নিজেদের শক্তি জোরদার করার প্রয়াস নিচ্ছে বলে তাঁদের অভিযোগ।
বিল নিয়ে প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষ একাধিকবার বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। বিরোধীরা এককাট্টা হয়ে এর বিরোধিতা করেন। ভোটও দেন।

আজ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী জোরালো ভাবে এর বিরোধিতাই শুধু করেন নি, একে দেশবিরোধী বলেও তোপ দাগেন।
বিরোধী পক্ষের সম্মিলিত বিরোধিতার আঁচ পেয়ে সরকার পক্ষের শেষ বক্তা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সরাসরি তাঁদের মহিলা বিরোধী বলে আক্রমণ করেন। এক একজন সাংসদের এলাকার বিপুল জনসংখ্যার উল্লেখও করেন। যদিও এতে বিরোধীদের টলানো যায়নি। তাঁরা সম্মিলিতভাবে এর বিরোধিতা করেন।
তাঁদের দাবি, আগে জনগণনা হোক তারপর এলাকা পুনর্বিন্যাসের বিষয় ভাবা যাবে।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই প্রয়াস ব্যর্থ হওয়া বিজেপির পক্ষে বড় ধাক্কা বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*