প্রথম দিনই প্রায় ১৮ লক্ষ ভোটার পেলেন এনুমারেশন ফর্ম

Spread the love

প্রতিবেদন : মঙ্গলবার সকাল রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। জোরকদমে চলছে বাড়ি-বাড়ি সমীক্ষা ও এনুমারেশন ফর্ম বিতরণের কাজ। বিএলও-রা প্রত্যেক ভোটারের দরজায় পৌঁছে দিচ্ছেন ফর্ম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, মঙ্গলবার বেলা বারোটার মধ্যেই চার লক্ষের বেশি ভোটারের হাতে ফর্ম পৌঁছে গিয়েছিল। বিকেল চারটার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষে। সন্ধ্যা পাঁচটা পর্যন্ত প্রায় ১৮ লক্ষ ভোটারের হাতে ফর্ম পৌঁছে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট সাত কোটি ছেষট্টি লক্ষেরও বেশি ভোটার রয়েছেন। প্রত্যেক ভোটারকে দুটি করে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। একটি ফর্ম পূরণ করে ফেরত দিতে হবে বিএলওকে। অন্যটি ভোটারের নিজের কাছে থাকবে রিসিভড কপি হিসেবে। রাজ্যে মোট আশি হাজার ছিয়াশি জন বিএলও নিযুক্ত আছেন এই কাজে। তাঁদের সহায়তা করতে রয়েছেন বুথ লেভেল এজেন্ট ও স্থানীয় প্রশাসনিক কর্মীরা। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী চারদিনের মধ্যেই রাজ্যজুড়ে ফর্ম বিতরণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।প্রতিটি জেলায় জেলা নির্বাচন আধিকারিক ও নির্বাচন নিবন্ধন আধিকারিকের দফতরে রয়েছে সহায়তা কেন্দ্র, যেখানে ভোটাররা প্রয়োজনীয় তথ্য বা সংশোধন সংক্রান্ত সাহায্য পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*