রোজদিন ডেস্ক : আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটিতে আমরা স্মরণ করি ভাষা শহিদদের, ভাষার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এই উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে অমর একুশের শহিদদের স্মরণে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলার পাশাপাশি অন্যান্য যে সব আন্চলিক ভাষাকে সম্মান ও স্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার, তার তালিকাও তুলে ধরেন।
এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।
রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা আকাদেমি, সাঁওতালি আকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।
একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি — যে-কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে- আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।
আজ শনিবার বিকেলে এই উপলক্ষে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করবেন তিনি।

Be the first to comment