রোজদিন ডেস্ক : ২ বছর আগে যার বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন, আজ তাঁর হাত থেকেই পতাকা নিয়ে মার্ক্সবাদ থেকে মা-মাটি-মানুষ-এ নাম লেখাতে চলেছেন কমরেড প্রতীক উর রহমান। সেই সঙ্গে শেষ হচ্ছে গত কয়েকদিনের জল্পনা। তৃণমূল সূত্রে খবর, শনিবার বারোটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন প্রতীক উর। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। যা খবর, তাতে অভিষেকের হাত থেকেই পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেবেন প্রতীক। যদিও শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল বা অভিষেক কোনও তরফ থেকেই এর কনফার্মেশন মেলেনি। তবে তৃণমূল মুখপাত্র জাগোবাংলা তাঁদের শনিবারের প্রভাতী সংস্করণে জানিয়েছে, আমতলায় অভিষেক যাবেন দলের একটি অভ্যন্তরীণ বৈঠকে। সেখানে আর কারা থাকতে সে নিয়ে ওই খবরে বিশদে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে এর মধ্যেই ফোনে কথাও হয়েছে প্রতীক উরের। দু’জনের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করছেন একদা বামপন্থী এক যুবনেতা। যিনি অনেকদিন আগেই তৃণমূলে নাম লিখিয়ে এখন অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। তবে প্রতীক উরের যোগদান নিশ্চিত হয়ে যাওয়ার পরই দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমে গত ২৪ ঘণ্টায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই, সঙ্গে আর কে, বা কে কে? রটে গিয়েছে, প্রতীক উর আরও অনেককে ভাঙিয়ে আনুন এমনটাই ইচ্ছে তৃণমূল নেতৃত্বের। সেই মতো নাকি অপারেশন চলছে। প্রতীক-উর ঘনিষ্ঠমহলের দাবি, তাঁর হাত ধরতে অনেকেই নাকি রাজি হয়েছেন। তালিকায় এরিয়া কমিটির সদস্য থেকে সম্পাদক, জেলা কমিটির সদস্যদের নামও রয়েছে।

Be the first to comment