রোজদিন ডেস্ক : খেলাধুলোকে তিনি সবসময়ই উৎসাহ দেন, পাশে থাকেন। মুখ্যমন্ত্রী হিসেবে গত প্রায় সাড়ে ১৪ বছরে তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। শুক্রবার কলকাতায় বিশ্বকাপজয়ী ঘরের মেয়ে রিচা ঘোষকে সংবর্ধনা জানানোর মঞ্চেই কিছুটা নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা একদা দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেন গার্ডেনের মঞ্চে কথা বলতে গিয়ে ক্রীড়ামন্ত্রী হিসেবে অনেক স্মৃতি এদিন তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। পিটি উষা থেকে সাইনি আব্রাহাম, বুলা চৌধুরীর মতো অনেকের কথাই উঠে আসে তাঁর বক্তব্যে। কীভাবে তাঁদের আবদার মিটিয়েছিলেন তিনি, সেকথাও এদিন খোলসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ক্রীড়াপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আজই। যা দেখে অনেকেই নস্ট্যালজিয়ায় আক্রান্ত হয়েছেন। সৌজন্যে নিবেদিত আলভা। তিনিই ৩৪ বছর আগের একটি ছবি এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে সাদা শাড়ি ও মাথায় টুপি পরে বসে আছেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে একদা কংগ্রেসের অন্যতম শীর্ষস্থানীয় নেত্রী ও দীর্ঘদিনের কেন্দ্রীয়মন্ত্রী মার্গারেট আলভা। আর ছবিটি পোস্ট করেছেন তাঁরই পুত্র নিবেদিত আলভা। মা’র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নিবেদিত লিখেছেন, ৩৪ বছর আগে সাংসদদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের ছবি। ওই স্মৃতি এখনও আমার কাছে জীবন্ত। ছবিটি সামনে আসার পর শুরু হয়ে গিয়েছে চর্চা। সাংসদদের ওই ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিলেন।

Be the first to comment