রোজদিন ডেস্ক :
রাজ্যে সরকার বদল হলেও পুলিশকে “অশোক স্তম্ভের” মর্যাদা রক্ষার আর্জি জানিয়ে আগামী ৫ আগস্ট “লালবাজার চলো” র ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ দলের কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে এক দীর্ঘ খোলা চিঠি লিখেছেন তিনি।সেখানে তিনি গত ২১ জুলাই সব বাধা অতিক্রম করে কর্মী সমর্থকরা যেভাবে শহিদ মিনারের সমাবেশ সফল করেন, তার উল্লেখ করেন।
নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ, অহিংস আন্দোলনও করেন। শুভঙ্কর সরকারের অভিযোগ, ২১ জুলাই তাঁদের ডাকা সমাবেশে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের বাধা দিতে বহু জায়গায় হামলা চলে। কিন্তু পুলিশ এখন অবধি অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তিনি আরও বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস কান্ডে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও রাজ্যের পুলিশ বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে কংগ্রেসের ছাত্র, যুবদের মিথ্যা মামলায় ফাঁসালো।
এই ছাড়া রাজ্যে সাম্প্রতিক হকার উচ্ছেদের সময় পুলিশের অমানবিক ভূমিকার তিনি সমালোচনা করেন। বলেন, মেহনতী খেটে খাওয়া মানুষদেরও তিনি এই লালবাজার চলো অভিযানে সামিল হওয়ার আহবান জানাচ্ছেন।
শুভঙ্কর সরকার জানান, তাঁদের এই লালবাজার চলো অভিযান সম্পূর্ণ অহিংস, সত্যাগ্রহ হবে। বলেন, কংগ্রেসের সুমহান ঐতিহ্য ও আদর্শ, গান্ধী পরিবারের চরম আত্মত্যাগ, সোনিয়া গান্ধীর দৃঢ়তা, জননায়ক রাহুল গান্ধীর আপোষহীন লড়াই ও সর্বোপরি জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বলিষ্ঠ নেতৃত্বকে ভালোবেসে, সম্মান করে কংগ্রেস কর্মীরা এখানে কাজ করেন। তাঁদের তিনি কুর্নিশ জানান। ২১ জুলাই এই সব কর্মীদের ওপর হামলা হলেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন।
পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করতে, দল, মত, রঙ, সম্প্রদায় নির্বিশেষে পদক্ষেপ নেওয়ার দাবিতে তিনি এই অভিযানের ডাক দিয়েছেন বলে জানান। এই অভিযান শান্তিপূর্ণ ভাবে সফল করতে শুভঙ্কর সরকার কংগ্রেসের সব স্তরের সৈনিকদের এই খোলা চিঠির মাধ্যমে আহবান জানান।

Be the first to comment