মনের জোর হারাবেন না, সুব্রত-জায়া ছন্দ বাণীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিলেন মমতা

Spread the love

জেলবন্দি সতীর্থদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার সন্ধ্যাবেলাই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে ফিরে এরপর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। সূত্রের খবর, সুব্রত-জায়া ছন্দ বাণী মুখোপাধ্যায়ের পাশাপাশি মন্ত্রীর সঙ্গেও ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেছেন মমতা।

তৃণমূল সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় ছন্দ বাণী মুখোপাধ্যায়কে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে তিনি জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন সুব্রতবাবু। অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাঁকে। তাই ছন্দ বাণীদেবী যেন মনের জোর না হারান সেই কথা বারবার করে তাঁকে বলেছেন নেত্রী। মমতা বলেছেন, আইনি লড়াই ছেড়ে এখন এই মামলায় রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। তাই ছন্দ বাণী মুখোপাধ্যায়কে নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, সোমবার সকালে সিবিআই গ্রেফতার করার পর সেদিন রাত থেকেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বাংলার অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ এই রাজনীতিক। তারপর থেকেই বেশিরভাগ সময়টাই সুব্রতবাবুর পাশে থেকেই কাটিয়েছেন ছন্দ বাণীদেবী। ক্যামেরার ঝলকানি এবং রাজনৈতিক টানাপোড়েন থেকে বহু দূরে থাকা ছন্দ বাণী কোনওদিন চাইতেন না সু্ব্রতবাবু রাজনীতির আঙিনায় আসুন। পেশায় সাংবাদিক হলেও আগাগোড়া প্রচার মাধ্যম থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখতে পছন্দ করেন ছন্দ বাণী মুখোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*