রোজদিন ডেস্ক, কলকাতা:- শিয়ালদহ-নৈহাটি লোকাল ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যার জেরে আতঙ্কের সৃষ্টি হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। তবে এখনও পযর্ন্ত বড় রকমের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার ভোর ৪ টে বেজে ২০ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে ছিল নৈহাটি লোকাল। মেন লাইন শাখার ৫ নম্বর প্লাটফর্মে ছিল ট্রেনটি। ঠিক সেসময় আচমকাই ট্রেনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
পূর্ব রেল সূত্রে খবর, ভোরবেলা শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। হঠাৎই দেখা যায় আগুন। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। হইহই করে ওঠেন উপস্থিত রেলকর্মীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।
তৎক্ষণাৎ তুমুল উত্তেজনার সৃষ্টি হয় স্টেশনে। পরবর্তীতে আগুন নিভিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। তারপরেই একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য।

Be the first to comment