রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের রণক্ষেত্র ঢাকা! হিজবুত তাহরিরের মিছিলকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি ঢাকার রাজপথে। শুক্রবার দুপুরে এই নিষিদ্ধ সংগঠনের মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠল, হাসিনার আমলে হিজবুতেরা মাথা তুলে দাঁড়াতে পারেনি, তারাই মুহাম্মদ ইউনূসের শাসনকালে মাথাচারা দিয়ে উঠেছে।
এদিন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা ঢাকায় মিছিল বের করে। পরিস্থিতি হাতের নাগালে যেতেই আসরে নামে পুলিশ। কিন্তু পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে যায়। তখন মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যেতেই অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।
এ প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মহম্মদ মাসুদ আলম বলেন, হিজবুত তাহরি সদস্যরা বিভিন্ন অলিগলিতে লুকিয়ে রয়েছে। পুলিশ সব রকম সতর্কতা অবলম্বন করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাফ ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। ঢাকা-সহ একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজন হিজবুত জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

Be the first to comment