প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরিজা ব্যাস, গভীর শোকপ্রকাশ করলেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-প্রয়াত প্রবীণ কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরিজা ব্যাস। গত ৩১ মার্চ বাড়িতে পুজো করার সময় আগুনে পুড়ে গিয়েছিলেন তিনি। আহমেদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গিরিজা ব্যাসের ভাই গোপাল শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন রাহুল গান্ধী।
জানা গিয়েছে, প্রায় এক মাস আগে রাজস্থানের উদয়পুরে তাঁর নিজ বাসভবনে আরতি করার সময় একটি প্রদীপ থেকে তাঁর দোপাট্টায় আগুন ধরে গিয়েছিল। তা থেকে গুরুতর জখম হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে দ্রুত উদয়পুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে আহমেদাবাদের ওই হাসপাতালে রেফার করা হয়। গোপাল শর্মা জানান, শুক্রবার উদয়পুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৯১ সালে, তিনি উদয়পুর লোকসভা আসন থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন গিরিজা ব্যাস। পিভি নরসিমা রাও সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি রাজস্থান রাজ্য সরকারেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক সময় প্রদেশ কংগ্রেসের সভানেত্রীও ছিলেন তিনি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবেও কাজ করেছেন।
প্রবীণ কংগ্রেস নেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পূর্ববর্তী কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের প্রবীণ নেতা ডাক্তার গিরিজা ব্যাসজীর মৃত্যুর সংবাদ শুনে গভীর দুঃখ পেয়েছি। শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং বিশেষত নারী সশক্তিকরণের ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর চলে যাওয়া আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই দুঃখময় মুহূর্তে আমি তাঁর পরিবারবর্গ, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*