পাকিস্তান থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি ভারতের

Spread the love

রোজদিন ডেস্ক : পহেলগামে জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। পাকিস্তানে ভারতের দূতাবাস থেকে ফিরিয়ে আনা হয়েছে দেশের প্রতিনিধিদের। এ বার দুই দেশের বাণিজ্যেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের। পাকিস্তান থেকে সকল পণ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানি নিষিদ্ধ করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে সকল পণ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানি নিষিদ্ধ করেছে। বৈদেশিক বাণিজ্য নীতি (FTP) 2023-এ একটি সংশোধন করে জানানো হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহণ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হচ্ছে।’ জরুরি ভিত্তিতে কোনও কিছু আমদানি করতে গেলে ভারত সরকারের অনুমতি সাপেক্ষে করতে হবে।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৮ জনের মৃত্যুর পর কড়া অবস্থান নেয় ভারত। গত সপ্তাহে বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির একটি জরুরি বৈঠক হয়। সেখানেই জলচুক্তি বাতিল থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল-সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*