রোজদিন ডেস্ক, কলকাতা:- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের বার্তা সারা দুনিয়ায় পৌঁছে দিতে কেন্দ্রের তৈরি করা প্রতিনিধি তালিকা নিয়ে দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই প্রতিনিধি দলে তাঁদের পক্ষ থেকে কেউ যাচ্ছেন না বলে জানিয়ে দেন অভিষেক।
সোমবার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের বার্তা সারা দুনিয়ায় পৌঁছে দিতে গঠিত সর্বদলীয় টিমে তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম থাকলেও সোমবার দিল্লি যাওয়ার আগে অভিষেক জানায়, এই প্রতিনিধি দলে তাঁদের পক্ষ থেকে কেউ যাচ্ছেন না। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার কী ভাবে তৃণমূলের প্রতিনিধি ঠিক করতে পারে? কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে, তা নিয়ে আগে বিরোধী দলগুলির সঙ্গে তাদের আলোচনা করা উচিত ছিল।’
পাকিস্তানের শান্তি বিঘ্নিত করার চেষ্টার তীব্র নিন্দা করেন তিনি। তবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের একতরফা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। অভিষেক বলেন, “যদি প্রতিনিধি দল যায়, আমাদের তাতে কোনও আপত্তি নেই। যেভাবে পাকিস্তানের দিক থেকে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, তা নিয়ে বিশ্বের মঞ্চে বার্তা রাখা দরকার। কিন্তু আমার দল থেকে কে যাবেন, সেই সিদ্ধান্ত পার্টি নেবে। কেন্দ্র বা কেন্দ্রীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, কোন দল থেকে কোন প্রতিনিধি যাবেন।”
তিনি আরও স্পষ্ট করে দেন যে, বিজেপি নেতৃত্ব তাদের দল থেকে কারা যাবে, সেই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির তরফ থেকে কারা যাবেন, এটার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলিরই নেওয়া উচিত। এক্ষেত্রে কেন্দ্রের উচিত ছিল সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা এবং সংকীর্ণ মানসিকতা পরিহার করা।
অভিষেকের কথায়, “কেন্দ্রের তরফে একজন প্রতিনিধি চাওয়া হলে আমরা পাঁচজনের নাম দেব। কিন্তু কেন্দ্রকে নিজেদের শুভ উদ্দেশ্য দেখাতে হবে এবং ব্যাপকভাবে সব বিরোধী দলকে আলোচনার জন্য ডাক দিতে হবে।” অভিষেক প্রশ্ন তোলেন, তৃণমূলের প্রতীকে জয়ী কোনও প্রতিনিধিকে কেন্দ্র কীভাবে ঠিক করে দেবে? বিরোধীদের মতামত নিতে হবে কেন্দ্রকে, দলই বলতে পারবে কে কোন বিষয়ে কথা বলার উপযুক্ত।
কাউকে অসম্মান না-করেই তিনি জানান, দলের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল নিশ্চিত করা প্রয়োজন। প্রতিনিধি দল থেকে নাম তুলে নেওয়া নিয়ে বয়কটের জল্পনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, “এটার এরকম ব্যাখ্যা একেবারেই করা উচিত নয় যে তৃণমূল বয়কট করেছে। তৃণমূল কখনওই বয়কট করেনি।”
তিনি দাবি করেন, তৃণমূল একমাত্র দল যারা এই প্রতিনিধি দলের বিষয়টি নিয়ে রাজনীতি করেনি, যেখানে শাসক থেকে বিরোধী অনেকেই এটা নিয়ে রাজনীতি করেছে। অভিষেক এর তীব্র নিন্দা করেন এবং দেশের প্রশ্নে রাজনীতির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন। সবমিলিয়ে, পাকিস্তান-পৃষ্ঠপোষকতাযুক্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানালেও, প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সর্বদলীয় ঐক্যের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment