ইন্দ্রায়নী নদীর উপর ভেঙে পড়ল সেতু, জলের তোড়ে ভেসে গেল অনেকে, মৃত্যু ৬; শোকপ্রকাশ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার দুপুরে পুণের কাছে ইন্দ্রায়নী নদীর উপর ভেঙে পড়ল সেতু। জানা যাচ্ছে, অনেক পর্যটক নদীতে পড়ে যান। এই ঘটনায় বহু পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ আরম্ভ হয়েছে। ৫-৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলও সেখানে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, “পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর দুঃখজনক সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এই খবর হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

সূত্রের খবর, ৩০ জন পড়ে গেলেও এখনও অবধি পনেরো জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, খরস্রোতা নদীর জলের তোড়ে অনেকেই ভেসে গিয়েছেন। তাঁদের বেশির ভাগই পর্যটক। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে এই সেতুর উপর পর্যটকেরা প্রায়ই বেড়াতে যান। আজ রবিবার হওয়ায় ভিড় জমেছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সেতুটির অবস্থা জরাজীর্ণ। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে, সেখানে খরস্রোত দেখার জন্য অনেকেই ভিড় করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলের স্রোতেই ভেঙে গিয়েছে সেতুটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*