এই অগ্নিকাণ্ড ম্যান মেড; খিদিরপুরে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করে বিবৃতি শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় খিদিরপুর বাজারের বহু দোকান। মঙ্গলবার সকাল পর্যন্তও কিছু অংশে আগুন ছিল। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অনেকে অভিযোগ করেছেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থার মারাত্মক ঘাটতি এবং প্রশাসনের ঢিলেমির কারণেই আগুন এত বড় আকার নিয়েছে।

মঙ্গলবার ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট অভিযোগ করে বলেন, ”এই অগ্নিকাণ্ড ম্যান মেড। পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে।” তিনি বলেন, ”ঘটনাস্থলে এসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন দোকানের জন্য জায়গা ঠিক করা আছে। অর্থাৎ গোটা এলাকা বেচে দিয়েছেন। তৃণমূল মানে এখন মা-মাটি-মানুষ নয়, টাকা-মারা-কোম্পানি।”

তিনি অভিযোগ করেন, “এটি কোনও দুর্ঘটনা নয়। এটা একেবারে পরিকল্পিত অগ্নিসংযোগ। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত হওয়া দরকার। রাজ্যে এখন গোটা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবসায়ীদের জানিয়েছিলেন, তাঁদের জন্য দ্রুত অস্থায়ী মার্কেট গড়ে দেওয়া হবে। তারপর ক্ষতিগ্রস্ত দোকানদারদের যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাদের ১ লক্ষ টাকা আর যাদের দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*