রোজদিন ডেস্ক, কলকাতা:– সিএবি-র প্রেসিডেন্ট তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় সোমবার রাত থেকেই অসুস্থ। প্রবল অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জানা গিয়েছে, বেশ কয়েকবার বমি করেছেন তিনি, যে কারণে উদ্বিগ্ন পরিবার দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্নেহাশিসকে ভর্তি করিয়েছে।
তিনি চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে অনুমান করছেন।
এই অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, স্নেহাশিস আগের তুলনায় একটু ভাল রয়েছেন। বিকাল নাগাদ ভাই সৌরভ দেখতে যেতে পারেন স্নেহাশিসকে।
এর আগে কিছুদিন আগেই পুরীতে গিয়ে সমুদ্রে স্পিড বোটে চড়তে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন সস্ত্রীক স্নেহাশিস। প্রবল ঢেউয়ে পাল্টি খায় স্পিড বোট। ভেসে যাচ্ছিলেন স্নেহাশিস। নুলিয়া ও স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করেন। বিপদের মুখে পড়েন তাঁর স্ত্রীও।

Be the first to comment