রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সকালে মন্তেশ্বর থানার অন্তর্গত গদ্ধারপাড়া এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মেয়ে ও তার বাবার। মৃতদের নাম বর্ষা নন্দী বয়স ১২ ও অরুণ নন্দী বয়স ৪৫।
এদিন সকালবেলা বৃষ্টির মধ্যে জামা মেলতে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী বর্ষা। বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত একটি জিআই (গ্যালভানাইজড আয়রন) তার তখন বিদ্যুৎ পরিবাহীতে পরিণত হয়েছিল। অজান্তেই ভিজে অবস্থায় সেই তারের সংস্পর্শে চলে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় বর্ষা। মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান বাবা অরুণ নন্দী। কিন্তু তিনিও বিদ্যুতের শকের কবলে পড়ে যান। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা বাবা-মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীদের কোথায় বহুদিন ধরেই ওই বিযুৎ এর পোস্ট এ সমস্যা ছিল। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য জলজ্যান্ত দুটি প্রাণ চলে গেল।এর ফলে প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যুর পর এই বিষয়ে বিদ্যুৎ বিভাগকে দায়ী করে ক্ষোভপ্রকাশ করেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, অবিলম্বে এলাকা জুড়ে বৈদ্যুতিক নিরাপত্তা পরিকাঠামোর খতিয়ে দেখা হোক এবং এই মর্মান্তিক ঘটনার পিছনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Be the first to comment