রোজদীন ডেস্ক, কলকাতা:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এই দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁরা শীঘ্রই লজ্জিত হবেন। অচিরেই এমন একটি সমাজ গড়ে উঠবে।’ বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রাক্তন আইএএস আশুতোষ অগ্নিহোত্রীর ‘ম্যাঁ বুঁদ স্বয়ং, খুদ সাগর হুঁ’ বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
হিন্দি-সহ ‘ভারতীয় ভাষাগুলির ভবিষ্যৎ’ সম্পর্কে শাহ বলেন, ‘কোনও বিদেশী ভাষাই নিজের দেশ, সংস্কৃতি, ইতিহাস এবং ধর্ম বোঝার জন্য যথেষ্ট হতে পারে না। অসম্পূর্ণ বিদেশী ভাষা ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ভারতের কল্পনা করা যায় না। আমি খুব ভালো করেই জানি এই লড়াই কতটা কঠিন। কিন্তু, আমার পূর্ণ বিশ্বাস যে ভারতীয় সমাজ এই লড়াইতে জিতবে। আবারও আত্মসম্মানের সঙ্গে আমরা আমাদের দেশকে আমাদের নিজস্ব ভাষায় পরিচালনা করব এবং বিশ্বকেও নেতৃত্ব দেব।’
শাহ বলেন, “অমৃত কালের জন্য, প্রধানমন্ত্রী মোদি পঞ্চ প্রাণের ভিত্তি স্থাপন করেছেন। পাঁচটি অঙ্গীকার ১৩০ কোটি মানুষের সংকল্পে পরিণত হয়েছে। এই কারণেই ২০৪৭ সালের মধ্যে আমরা শীর্ষে থাকব এবং আমাদের ভাষাগুলি এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পাঁচটি অঙ্গীকারের মধ্যে রয়েছে উন্নত ভারতের লক্ষ্য অর্জন, দাসত্বের প্রতিটি চিহ্ন থেকে মুক্তি, আমাদের ঐতিহ্যের প্রতি গর্ব করা, ঐক্য ও সংহতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগানো।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণে কিছু পরিবর্তন আনার প্রয়োজন। আমাদের ব্যবস্থায় সহানুভূতি আনার জন্য তাদের খুব কমই প্রশিক্ষণ দেওয়া হয়। সম্ভবত এই প্রশিক্ষণ মডেলটি ব্রিটিশ আমলের প্রশিক্ষণ থেকে অনুপ্রাণিত হয়েছে। আমি বিশ্বাস করি যে, যদি একজন শাসক বা প্রশাসক সহানুভূতি ছাড়াই শাসন করেন, তাহলে তিনি শাসনের আসল উদ্দেশ্য অনুধাবন করতে পারবেন না।”

Be the first to comment