বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়! লরি-বোলেরো সংঘর্ষে মৃত ৯

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা।বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বরযাত্রী বোঝাই চার চাকার গাড়ি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল ৯টি তরতাজা প্রাণ। আহত হয়েছেন আরও একাধিক।
সূত্রের খবর, বরযাত্রী বোঝাই গাড়িটি পুরুলিয়া থেকে আসছিল। অন্যদিকে জামশেদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ট্রলার, তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বরযাত্রীর গাড়িটিকে ধাক্কা মারে ট্রলারটি। যার ফলে রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় বরযাত্রীর গাড়িটি। বলরামপুর নামশোলে প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ট্রলারটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যার ফলে ভয়াবহ সংঘর্ষটি হয়। দুর্ঘটনার জেরে রাস্তার ধারেই উল্টে যায় স্পঞ্জ আয়রন বোঝাই ট্রলারটিও। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের।

পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই ৯ জনকে মৃত ঘোষণা করেন পুলিশ। মৃতরা সকলেই ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েক দিন ধরেই রাজ্যে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়। আর প্রবল বৃষ্টিতে বাইরের দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*