রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় কসবাকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। জানা গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই বিশেষ দলটি রাজ্য সরকারের ভূমিকা এবং পুলিশের আচরণ পর্যালোচনা করতে কলকাতা এসেছেন। দলটির মূল লক্ষ্য হলো কসবাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে গঠিত চার সদস্যের এই টিমের নেতৃত্বে আছেন বিজেপি সাংসদ সত্যপাল সিং। তার সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।
কলকাতায় পা রেখেই বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে। সাংসদ সত্যপাল সিং মন্তব্য করেন, “আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করব এবং তদন্ত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এই ধরনের ঘটনা যে কতটা দুর্ভাগ্যজনক, তা ব্যাখ্যা করার ভাষা নেই। পুলিশ প্রশাসনের কী ভূমিকা ছিল, সেটাও আমাদের তদন্তের মধ্যে থাকবে। আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।”
তাঁরা আরোও বলেন, “এই রাজ্যে অরাজকতা চলছে। রাজ্য সরকার যদি পহেলগাঁও বা হাথরসে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে পারে, তবে আমাদের দলের কোনো টিমকে কেন সহায়তা করবে না? মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও আমাদের অনুমতি দেওয়া হয়নি। ডিজিপির সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি মেলেনি। এটা অগণতান্ত্রিক চিন্তাভাবনা।”

Be the first to comment