‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পে ৬ কোটি মানুষ টেলিমেডিসিন পরিষেবা নিয়েছেন জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-২০২১ সালের আগস্টে রাজ্যে সব রোগের টেলিমেডিসিন চিকিৎসা সংক্রান্ত প্রকল্প ‘স্বাস্থ্য ইঙ্গিত’ চালু করে রাজ্য স্বাস্থ্য দফতর। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে ৬ কোটি মানুষ এখনও পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা নিয়েছেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিষেবা রাজ্যের ১০,০০০-এরও বেশি ‘সুস্বাস্থ্য কেন্দ্রে’ রয়েছে। এই উদ্যোগে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অঙ্কোলজি, পেডিয়াট্রিক্স, নিউরোমেডিসিনের মতো বিভাগও অন্তর্ভুক্ত। মঙ্গলবার নিজের এক্স-হ্যান্ডলে মমতা লেখেন, গর্বের সাথে জানাচ্ছি যে, স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য টেলিমেডিসিন উদ্যোগ ‘স্বাস্থ্যইঙ্গিত’ আজ আরও একটি মাইলফলক অর্জন করেছে – ২০২১ সালের আগস্ট মাসে শুরু হওয়ার পর থেকে ৬ কোটিরও বেশি টেলি পরামর্শ প্রদান করা হয়েছে। বর্তমানে এই সেবা রাজ্যের ১০,০০০-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রে উপলব্ধ, যার ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই উদ্যোগের ফলে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, শিশুরোগ বিশেষজ্ঞ পরিষেবাগুলিও এখন প্রত্যন্ত এলাকায় পাওয়া যাচ্ছে। এই মাইলফলকের দিনে, আমি এই অনন্য উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সমস্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং অন্যান্য সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই।
প্রতিদিন প্রত্যন্ত গ্রাম থেকে রোগমুক্তির জন্য কলকাতা ও জেলার সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ভিড় জমান বহু মানুষ। এতে একদিকে যেমন চাপ বাড়ে হাসপাতালগুলিতে, অন্যদিকে গ্রাম থেকে শহরে এসে কখনও কখনও দুর্ভোগের মুখে পড়তে হয় রোগীদের। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের গ্রামের মানুষের নাগালে আনতে ২০২১ সালে এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। টেলি মেডিসিনের অন্তর্ভুক্ত এই প্রকল্পের গোটা কর্মকাণ্ডই নিয়ন্ত্রিত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল সার্ভার থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*