পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি! আরোও ২মাস সময়ের দাবী রাজ্য সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক : পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি? কাল মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে বলেন, রাজ্য সরকার বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করেছে। কত টাকা বকেয়া রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। কলকাতা হাইকোর্ট তা সরকারকে জানায়নি। সুতরাং রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে এদিন শুনানি হয়। রাজ্য সরকারকে এখনই দু’মাস সময় দেওয়ার ব্যাপারে এদিন কোনও নির্দেশ দেয়নি আদালত।

তবে বিচারপতিরা জানিয়েছেন, গোটা দেশের কাছে এই মামলার বৃহত্তর তাৎপর্য রয়েছে। তাই মামলাটির সওয়াল জবাব আদালত বিশদে শুনতে চায়। এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন, ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু ২৭ তারিখ পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেয়নি।

এদিন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বলেন, রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করছে ও মিথ্যাচার করছে। কারণ, সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর ২ মাসের বেশি হয়ে গেছে। রাজ্য সরকার চাইলে এর মধ্যে কমিটি ইত্যাদি যা গড়ার গড়ে ফেলে হিসাব কষে ফেলতে পারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*