রোজদিন ডেস্ক : এসআইআর ও ভোট চুরি-সহ একাধিক ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্য যুব কংগ্রেসের ডাকে মিছিলে হাঁটার পর ধর্মতলায় সভা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সভায় ও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় দিল্লিতে কংগ্রেস ও তৃণমূলকে একজোট হতে দেখা গিয়েছে ৷ তবে এর থেকে বাংলায় আসন্ন নির্বাচনের আগে এই দুই দলের মধ্যে যে সমীকরণ তৈরি হওয়ার জল্পনা তৈরি হয়েছে, তাতে জল ঢাললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী৷

এদিন রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী। তিনি বললেন যে, তৃণমূলকে বরাবরই কংগ্রেসের লেজুড় হয়ে থাকতে হবে৷ ভোট চুরি প্রসঙ্গে তিনি বলেন, “ভোট চুরিতে কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মধ্যে কোনও তফাৎ নেই৷”
তিনি বলেন, “নির্বাচন কমিশনকে প্রশ্ন করছি, কে ঠিক করবে যে কে নাগরিক, কে নাগরিক না ? নির্বাচন কমিশন না স্বরাষ্ট্রমন্ত্রী? নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমালোচনা করলে দিদির ফোর্স নামছে। দিল্লিতে মোদির ফোর্স নামছে। এটাই প্রশ্ন, এত মিল কেন ! পঞ্চায়েত নির্বাচন লুটে নেওয়া হয়। স্থানীয় স্তরে ভোট হয় না। বিধানসভা, লোকসভায় ভোট দেব, এটাই বাংলার মানুষের ধারণা। মানুষ কী করবে যদি এই ভোটেও একই জিনিস হয়। নির্বাচনের সময় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তোমরা যা করার করে যাও। আমরা আছি। অভয় বাণী দিয়ে নির্বাচন কর্মীদের কেন পাশে থাকার কথা বলছে।”

Be the first to comment