রোজদিন ডেস্ক : যুবভারতীতে ডার্বির রং হল লাল-হলুদ। ডুরান্ডের শেষ চারের লড়াইয়ে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে পা রাখল ইস্টবেঙ্গল। খেলার প্রথম ২ মিনিটেই মিগুয়েলের বাড়ানো বলে এডমুন্ডের শটে বিশাল কাইথকে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। ১৬ মিনিটে হামিদ আদাদাইয়ের কাফ মাসেলে টান ধরায় মাঠের বাইরে চলে যান। হামিদের পরিবর্তে মাঠে নামে দিয়ামন্তাকোস।
২৬ মিনিটে দিমিকে ফাউল করেন টম ওলড্রেড। মিগুয়েলের ফ্রি কিক গোল পোস্ট উঁচিয়ে বেরিয়ে যায়।৩৬ মিনিটে বিপিন সিংকে বক্সের মধ্যে ফাউল করেন আশিস রাই। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

Sushanta Chakraborty / Clicksage/ Durand cup
উল্লেখ্য, দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় লাল-হলুদ। এবারও স্কোরার দিয়ামন্তাকোস। মহেশের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ে শট মেরেছিলেন দিয়ামন্তাকোস। মোহনবাগানের আলবের্তোর গায়ে লেগে বল গোলে ঢুকে গেল। তবে গলের পর জার্সি খুলে উৎসব করার কারণে হলুদ কার্ড দেখলেন এই গ্রিক স্ট্রাইকার। ৬৯ মিনিটে এক গোল শোধ করল মেরিনার্স। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বল সোজা জড়িয়ে গেল জালে। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মেরিনার্স। একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গল ডিফেন্সকে নাস্তানাবুদ করে তোলে বাগান। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর এল না। ২-১ গোলে জিতে ডুরান্ডে সেমিফাইনালে উঠে গেল লাল-হলুদ ব্রিগেড।

Be the first to comment