রোজদিন ডেস্ক : আজ দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ‘এমন একটি ভারত- যেখানে প্রতিটি নাগরিককে সম্মান করা হবে, যেখানে সদিচ্ছা থাকবে, যেখানে দেশ গণতন্ত্র এবং সংবিধানের সঙ্গে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকবে। বাবা, তোমার এই স্বপ্ন পূরণ করাই আমার জীবনের লক্ষ্য।’
আজ সকালে বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সহ বিশিষ্ট নেতারা।
রাজীব গান্ধী তাঁর মাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজনৈতিক জগতে প্রবেশ করেন। দেশের তরুণ তম প্রধানমন্ত্রী হিসেবে ৪০ বছর বয়সে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুতে নির্বাচনী প্রচারের সময় তামিল বিদ্রোহীদের আত্মঘাতী বোমায় নিহত হন তিনি।

Be the first to comment