রোজদিন ডেস্ক : কারামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরগরম রাজ্যে ফের তাঁর জামিনের মামলা পিছোলো। আজ দুপুরে গুরুত্বপূর্ণ এই মামলা নিয়ে বিচারপতি তাঁর রায়দান স্থগিত রেখেছেন। আগামী মঙ্গলবার ফের এর শুনানি হবে বলে আদালত সুত্রে জানা যায়।
শিক্ষক নিয়োগ-সহ একাধিক দুর্নীতির অভিযোগে ED-র নিশানায় থাকা কারামন্ত্রী সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারপতি তা মঞ্জুর করলেও মামলা থেকে পুরো রেহাই মেলেনি তাঁর। আজ ফের এই মামলার শুনানি হয়। কারামন্ত্রীর কারাবাস হবে কিনা তা নিয়ে সকাল থেকেই সরগরম রাজ্য।
বিচারপতি শুভেন্দু সাহা আজ উভয় পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখলেও ED-র সমালোচনা করেন।
ED-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী কারামন্ত্রীর সাত দিনের হেফাজত চাইলে পালটা বিচারক জানতে চান, গত বছর ওঁর বাড়ি তল্লাসির পরও এতদিন চুপ ছিল কেন ইডি?
ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন, এখন আরও প্রমাণ মিলেছে। এর জন্য ইডি তাঁকে হেফাজতে নিতে চায়।
এর তীব্র বিরোধিতা করেন চন্দ্রনাথ সিংহ-র আইনজীবি।
উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আজ রায়হান স্থগিত রাখেন বিচারক। আগামী সোমবার কারামন্ত্রীর আইনজীবী আদালতে হলফনামা জমা দেবেন। মঙ্গলবার ফের এর শুনানি হবে।
শারদোৎসব এর আগে মন্ত্রীর বিরুদ্ধে ED-র সক্রিয়তা নিয়ে অস্বস্তিতে শাসক দল।
কারামন্ত্রী অবশ্য জানান, আইনের ওপর তাঁর পূর্ণ আস্থা ছিল, আছে, থাকবে।
এই হাই প্রোফাইল শুনানি নিয়ে ভিড়ে ঠাসা ছিল আদালত চত্বরও। বৃষ্টি উপেক্ষা করে বহু সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিলেন।

Be the first to comment