রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে ফের দুঃসংবাদ আম জনতার জন্য। তাঁদের পকেট কাটার নয়া ফন্দি মোদি সরকারের। এক ধাক্কায় সমস্ত ধরনের আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। প্রথমবার নাম এনরোলমেন্টের জন্য কোনও খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর বদলের খরচ এক ধাক্কায় প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ বাড়ানো হল। আর তা দেশজুড়ে কার্যকর হচ্ছে আগামী ১ অক্টোবর ২০২৫ থেকেই। আধারের নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে, খরচের নতুন তালিকা। সেই অনুযায়ী বায়োমেট্রিক বা পাঁচ আঙুলের ছাপ, চোখের মণি অথবা ছবি আপগ্রেডেশনের খরচ এখন বেড়ে দাঁড়াচ্ছে ১২৫ টাকা। তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, তা বিনামূল্যে করা হবে। এর পাশাপাশি ১৫ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই বয়সসীমার মধ্যে একাধিকবার বায়োমেট্রিক আপডেট করলে ১২৫ টাকা খরচ করতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।
যদি কোনও ব্যক্তি তাঁর নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাঁকে খরচ করতে হবে ৭৫ টাকা। এই বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয়, তাহলেও দিতে হবে ওই ৭৫ টাকাই। আধার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও ব্যক্তি তাঁর পরিচয়, নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ প্রভৃতির সাপেক্ষে কোনও নথি জমা করতে চান, তার জন্য তিনি ‘মাই আধার’ পোর্টালে গিয়ে তা করতে পারেন। এক্ষেত্রে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত তা বিনামূল্যেই করা যাবে।

Be the first to comment