পুজোর সময় বাজারদর নিয়ন্ত্রনে রাখতে চলবে প্রশাসনিক নজরদারি

FocusArea=111111111
Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম না বাড়াতে পারে তার জন্য চলবে প্রশাসনিক নজরদারি। তাই বাজারে শাকসবজি ও ফলমূলের যোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। উৎসবের সময় সমস্ত ভোগ্যপণ্যের দামের উপর কড়া নজরদারি চালানো হবে। যাতে কোনও অবস্থাতেই কৃত্রিম সংকট তৈরি করা না হয় এবং সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। বৃহস্পতিবার কৃষি বিপণন দফতরের সচিব ওঙ্কার সিং মীনার নেতৃত্বে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন সংশ্লিষ্ট জেলা কর্তারাও। কলকাতা, হাওড়া ও বিধাননগর-সহ রাজ্যের সব জেলার বাজারদর নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।অভিযোগ উঠছে রাজ্যের ভিতর বিভিন্ন জায়গায় শাকসবজির গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। এতে সরবরাহে সমস্যা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি শারদোৎসবের সময় বাজারে পর্যাপ্ত পণ্য মজুত রাখতে হবে। আলু, পেঁয়াজ, রসুন, আদা এবং অন্যান্য সবজির দাম বৃদ্ধির সমস্যা আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি করা হয়েছে। কর্তাদের আশা, আগামী দিনে তা আরও নিয়ন্ত্রণে আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*