রোজদিন ডেস্ক : দীর্ঘ ৪১ বছর আগে পঞ্জাবের স্বর্ণ মন্দির মুক্ত করতে অপারেশন ব্লু স্টার (Operation Blue Star) ভুল ছিল বলে মন্তব্য করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রাণ দিতে হয়েছে বলেও জানান তিনি। তবে ইন্দিরা গান্ধী একা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেননি, এর জন্য তাঁকে দায়ী করা যায় না বলেও তিনি জানিয়ে দেন।

প্রবীণ কংগ্রেস নেতার এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। এত বছর পর কেন তিনি এই কথা বললেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, পঞ্জাবে দীর্ঘ দিন ধরে চলা খলিস্থানি আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। বিশ্ববিখ্যাত স্বর্ণমন্দির কার্যত সন্ত্রাসবাদীদের দখলে চলে যায়। বিচ্ছিন্নবাদী নেতা ভিন্দ্রেনওয়ালে-সহ খলিস্থানি আন্দোলনের বহু নেতা ওই মন্দিরে থেকে সশস্ত্র আন্দোলন চালাচ্ছিলেন। এই মন্দির মুক্ত করা-সহ পঞ্জাবে শান্তি ফেরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার করান। ওই বছরই ৩১ অক্টোবর নিজের বাসভবনে গুলিতে প্রাণ হারান তিনি। তাঁরই দুই শিখ দেহরক্ষীর বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ ওঠে। ফাঁসি হয় তাদের।
কসৌলির এক সাহিত্য সভায় সেনা বাহিনীর প্রতি সম্মান রেখে চিদাম্বরম বলেন, অপারেশন ব্লু স্টার-এর সিদ্ধান্ত ঠিক ছিল না। শুধু ইন্দিরা গান্ধী না, সেনা, পুলিশ, প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তে তা হয়েছিল।

পঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদবেগ ব্যক্ত করে তিনি বলেন, এখন খলিস্থান বিষয় ম্লান হয়ে গেছে, আর্থিক সমস্যাই ওই রাজ্যে বড়।
সবুজ বিপ্লবের রাজ্য এখন অর্থনৈতিক সমস্যা, বেআইনি অনুপ্রবেশে জেরবার।
প্রসঙ্গত, মাদক পাচার-সহ বিভিন্ন সমাজ বিরোধী কাজেও ওই রাজ্যের নাম প্রথম সারিতে।
আর্থিক সমস্যায় জর্জরিত রাজ্যগুলির অন্যতমও এই রাজ্য।
উল্লেখযোগ্য, অপারেশন ব্লু স্টার-এর সময় পঞ্জাবের রাজ্যপাল ছিলেন এই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়। রাজ্যের নক্সালপন্থী দমনে তাঁর ভুমিকাও প্রশ্নের উর্ধে ছিল না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অন্যতম বিশ্বস্ত নেতাও ছিলেন তিনি। তাঁর আমলেই পঞ্জাবে অপারেশন ব্লু স্টার হয়।
আগামী ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর ৪১তম মৃত্যু বার্ষিকীর আগে চিদাম্বরমের বক্তব্য নয়া মাত্রা যোগ করল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment