নিন্দা ও চাপের মুখে সিদ্ধান্ত বদল, আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে আমন্ত্রিত মহিলা সাংবাদিকরাও

Spread the love

রোজদিন ডেস্ক : দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে এবার আসরে নামলো মোদি সরকার। রবিবার আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে আমন্ত্রণ জানানো হলো মহিলা সাংবাদিকদেরও। এর আগে গত শুক্রবার আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিক ঢুকতে পারেননি। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। ওঠে নিন্দার ঝড়। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস-সহ সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন এই ঘটনা বৈষম্যমূলক বলে কড়া সমালোচনা করে। দেশের বিরোধী দলগুলি কাঠগড়ায় তোলে নয়াদিল্লিকে। বেগতিক বুঝে ৪৮ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন আফগান বিদেশমন্ত্রী। আফগানিস্তানের তালিবানি সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রবিবার নয়াদিল্লিতে যে সাংবাদিক বৈঠক ডেকেছেন সেখানে এবার মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এর আগে গত শুক্রবার আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বিতর্ক দানা বাধে। উঠে লিঙ্গবৈষম্যের অভিযোগ। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন আমির খান মুত্তাকি। সেখানে কোনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়েই সাবাদিক-সহ নানা মহলে তীব্র ক্ষোভ ছড়ায়। তারপরই পিঠ বাঁচাতে নয়াদিল্লি সাফ জানিয়ে দেয় এটা পুরোপুরি আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সিদ্ধান্ত, গোটা ঘটনায় তাদের কোনও ভূমিকা ছিল না। ওই সাংবাদিক বৈঠকের আমন্ত্রণপত্র মুম্বইয়ের আফগান কনসাল জেনারেলের নির্দেশে বাছাই করা সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছিল। আফগান দূতাবাসের অন্দর ভারত সরকারের এক্তিয়ারভুক্ত এলাকাও নয়। কিন্তু তারপরও বিতর্ক থামেনি। অবশেষে রবিবারই বদলে গেল সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*