নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:
১৫ই অক্টোবর — সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ পালিত হল সাদা ছড়ি দিবস। দৃষ্টিহীনদের জীবনে নিরাপত্তা ও স্বাধীন চলাচলের প্রতীক এই সাদা ছড়ি। দিনটির মূল লক্ষ্য সমাজে দৃষ্টিহীনদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এই উপলক্ষে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দৃষ্টিহীনদের এক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পথসভা ও পদযাত্রা। হাতে সাদা ছড়ি, গলায় স্লোগান— “সম্মান চাই, সমান অধিকার চাই”— এমন দৃশ্যে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অংশগ্রহণকারীরা জানান, শুধুমাত্র প্রতীকী দিবস পালন নয়, এখন প্রয়োজন White Cane Law বা সাদা ছড়ি আইন কার্যকরভাবে বলবৎ করা, যাতে দৃষ্টিহীনরা রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারেন এবং সরকারি সুযোগ-সুবিধা বাস্তবে পান।

পথসভা থেকে দাবি তোলা হয়— ট্রাফিক নিয়মে সাদা ছড়িধারীদের অগ্রাধিকার দেওয়া, সরকারি ভবন ও অফিসে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং জনপরিবহনে বিশেষ সুবিধা চালু করা হোক। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যরা জানান, “সাদা ছড়ি শুধু একটি লাঠি নয়, এটি আমাদের আত্মসম্মান ও স্বাধীনতার প্রতীক।”
দিনভর এই কর্মসূচিতে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষও দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়ে অংশ নেন। মানবিক বার্তা ছড়িয়ে দিয়ে শেষ হয় পদযাত্রা।

Be the first to comment