রোজদিন ডেস্ক : শহরেই চলছে মানবপাচার চক্র। অভিযোগে ২০১৫ সালে এমনই একটা অভিযোগ সামনে আসে। তারপর তদন্তে নামে পুলিশ। এবার সেই মামলার তদন্তে নেমে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় তল্লাশি চালাল ইডি। তল্লাশিতে প্রায় এক কোটিরও বেশি নগদ টাকা ও দুটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৫ সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশের নজরে পড়ে শহরের কয়েকটি পানশালা ও হোটেল। তদন্ত এগোলে জানা যায় গোটা ঘটনায় হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। তারপরই মামলার তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার প্রথম তল্লাশিতে নামল তাঁরা। ওই তল্লাশিতে দক্ষিণ দমদমের এক ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়িও। শুক্রবার একযোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণ দমদমের শ্রাচি গার্ডেন এলাকায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তাঁরা। তল্লাশির পাশাপাশি চলে জেরাও। অভিযান চলে সল্টলেকের এক হোটেলে। শিলিগুড়ির কয়েকটি জায়গাতেও তল্লাশি চালান তদন্তকারী। সেখানে এক হোটেল ব্যবসায়ীকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। এই মামলায় ইডির নজরে আছেন আরও কয়েকজন হোটেল ও পানশালার মালিক।

Be the first to comment