রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় দিল্লির ভয়ংকর বিস্ফোরণের ঘটনা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে দিল্লি সহ সারা দেশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, নেপথ্যে কারা আছেন, সব কিছু বিশদভাবে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ।। অপরাধীরা যাতে কোন ভাবে ছাড়া না পায় তা দেখতে কড়া বার্তা দিয়েছেন।
গতকালের এই বিস্ফোরণে এখন অবধি নিহতের সংখ্যা বারো বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা দফতরের অধিকর্তা তপন ডেকা, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলছা, এনআইএ প্রধান সদানন্দ বসন্ত দাতে, জম্মু কাশ্মীরের পুলিশের ডি জি নলিন প্রভাত প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা বৈঠকে সিনিয়র আধিকারিকরা ঘটনার বিশদ বিবরণ দেন ও তদন্ত কিভাবে চলছে তা জানান৷
অমিত শাহ তাঁদের এই ভয়ংকর বিস্ফোরণের ঘটনার সব দিক ভাল ভাবে খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।
দিল্লি পুলিশ একে আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে বলে জানা যায়।
তদন্তকারীদের ধারণা, ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধার করার পর সন্দেহভাজনরা তাদের পরিকল্পনা বদল করে, ও আগেই এই বিস্ফোরণ ঘটায়।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। লাল কেল্লা এলাকায় র্যাফ মোতায়েন করা হয়েছে। ওখানকার সিসিটিভি ফুটেজও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট এলাকার ও টোল প্লাজার ১০০টির বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের গতিবিধি দেখার চেষ্টা চলছে।
ইন্টারনেট প্রটোকল ডিটেল রেকর্ড সহ সব কিছুই তাঁরা বিশদ ভাবে পরীক্ষা করছেন।
হরিয়ানার ফরিদাবাদ থেকে গতকাল উদ্ধার করা ৩৬০ কে জি বিস্ফোরক ও ধৃত দুই চিকিৎসক মুজাম্মিল ও আদিল এর সঙ্গে দিল্লির বিস্ফোরণের সম্পর্ক আছে কিনা তদন্তকারীরা অনুসন্ধান করছেন।
সন্ত্রাস বিরোধী আইনে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment