রোজদিন ডেস্ক : আন্তর্জাতিক স্তরের আরও এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। এশিয়ার প্রথম মহিলা হিসেবে জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি-লিট উপাধিতে ভূষিত করল। বুধবার দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এবং জাপানি প্রতিনিধিদল। মুখ্যমন্ত্রীর হাতে সম্মান তুলে দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছেন রাজ্যের দরিদ্র মহিলা ও শিশুদের জন্য। তাঁদের সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। তাঁর এই মানবিক নেতৃত্বের জন্যই ইয়োকোহামা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এশিয়ার কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে।

সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাপান খুবই সুন্দর দেশ। ওখানকার মানুষের শৃঙ্খলা, স্বাস্থ্য সচেতনতা ও কর্মসংস্কৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সৌজন্যকে সম্মান জানানো আমার কর্তব্য ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারিতে ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিজিবিএস-এ যোগ দিতে কলকাতায় এসেছিলেন। পরে তাঁকে জাপানে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী না যেতে পারলে, তাঁরা বাংলায় এসে সম্মান প্রদান করবেন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক ও প্রশাসনিক কর্তারা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও জাপানি প্রতিনিধিদের মধ্যে ভবিষ্যৎ শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, যৌথ গবেষণা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Be the first to comment