চলতি মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক : 
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। যাকে পাখির চোখ করেছে শাসক তৃণমূল কংগ্রেস, বিজেপিও। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের ফলে উজ্জীবিত বিজেপি এখন এই রাজ্যের কুর্সি দখলের স্বপ্নে মসগুল।
অন্যদিকে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক তৃণমূল। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের প্রভাব বৃদ্ধি করেছে গেরুয়া শিবির। এবার ওখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে হৃত এলাকা পুর্নদখলের চেষ্টা করছে শাসক দল। মূলত একে মাথায় রেখে চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী ২৫ নভেম্বর কোচবিহার থেকে তাঁর যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে প্রকাশ, এই সফরকালে অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় যাবেন।
চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পদযাত্রায় সামিল হয়েছিলেন অভিষেক ব্যানার্জি সহ বিশিষ্ট নেতারা। তাঁদের তীব্র বিরোধিতা সত্বেও রাজ্যে এসআইআরের কাজ পুরো দমে চলছে। এই সব বিষয় পর্যালোচনা, প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলের ওয়ার রুম, দলের সাংগঠনিক অবস্থা ইত্যাদি সরেজমিনে খতিয়ে দেখবেন অভিষেক ব্যানার্জি। আগামী বছর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাই-সহ বিভিন্ন কাজে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে রাজনৈতিক মহল মনে করেন। ইতিমধ্যেই এসআইআর সহ বিভিন্ন ইসুতে আমজনতার পাশে থাকার জন্য দলকে বার্তা দিয়েছেন তিনি। এই ছাড়া দলের অন্তর্দ্বন্দ ক্রমেই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে শাসক দলের। একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার দলের ভাবমূর্তি উদ্ধারে নবজোয়ার কর্মসূচি -২ নিয়ে দলের অন্দরে বহুদিন ধরেই আলোচনা চলছে। তাঁর উত্তরবঙ্গ সফরে অভিষেক এই সব নিয়ে কিছু ঘোষণা করবেন কিনা সেদিকে তাকিয়ে আছে দল। উত্তরবঙ্গে বিজেপির প্রভাব বিস্তারে উদবিগ্ন শাসক দলকে তিনি কতটা অক্সিজেন যোগাতে পারেন, রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*