রোজদিন ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্ত সাপেক্ষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি। বুধবার সিবিআই মামলায় জামিন পাওয়ায় এবার বন্দিদশা কাটতে চলেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। তবে কোর্ট জানিয়েছে, সিবিআই ও ইডিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার পক্রিয়ায় সহযোগিতা করতে হবে তাঁকে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে।জেলমুক্ত হলেও আপাতত কলকাতা ছাড়তে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট ও ফোন নম্বর জমা রাখতে হবে নিম্ন আদালতে। বিচার চলাকালীন বিশেষ নিম্ন আদালতের আওতাধীন এলাকা ছাড়তে পারবেন না তিনি। কয়েকদিন আগে এই মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রায় ৩ বছর ধরে বন্দি রয়েছেন। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলে কারচুপিতে জড়িত থাকার অভিযোগ ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই বছরের গোটা প্যানেলই পরে বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টে। তখন পর্ষদের সভাপতি পদে ছিলেন তিনি। তাই গোটা দূর্নীতির দায় তিনি এড়াতে পারেন না, এমনই দাবি তদন্তকারীদের।

Be the first to comment