রোজদিন ডেস্ক : পুলিশি তদন্তেই ভরসা রাখল সুপ্রিম কোর্ট। আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিতসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশ নিজের মত কাজ করছে, কোনওভাবেই তাদের কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, বুধবার সাফ জানিয়ে দিলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা৷ এই প্রসঙ্গে কলকাতার আন্দোলনরত চিকিতসকদের ‘রক্ষাকবচ’-র আর্জিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই আর্জি জানান চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী৷ অভিযোগ করেন, কলকাতা পুলিশ ওই চিকিৎসকদের হেনস্থা করছে। শীর্ষ আদালতের দুই বিচারপতি এই অভিযোগ খারিজ করে দেন। কেন তাঁরা এই অভিযোগ এবং রক্ষাকবচের আর্জি খারিজ করছেন, তার সংক্ষিপ্ত ব্যাখ্যায় বিচারপতি এম এম সুন্দ্রেশ জানান, এমন কোনও নির্দেশ দেওয়া হলে তা সরাসরি কলকাতা পুলিশের অধিকারে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে৷ এই পদক্ষেপ তাঁরা নেবেন না৷ একইসঙ্গে দুই বিচারপতি বলেন, এই ভাবে টুকরো টুকরো অভিযোগ করা অর্থহীন৷ কলকাতায় কী হচ্ছে তা নিয়ে প্রতিনিয়ত নজরদারি করা তাদের পক্ষে সম্ভব নয়৷ আমরা এমনিতেই প্রচুর কিছু সামাল দিচ্ছি৷ পুলিশের পূর্ণ অধিকার আছে সমন জারি করে কাউকে জেরার জন্য তলব করার৷ এই ক্ষেত্রে কাউকে পূর্ণ রক্ষাকবচ দেওয়া যায় না৷ কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে এই বিষয়ে নজরদারি করতে পারে৷ প্রয়োজনে তাঁরা এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করে দেবেন, বুধবারের সুপ্রিম শুনানিতে এমনও আভাস দেন দুই বিচারপতি৷ কলকাতা হাইকোর্টে আরজি কর সংক্রান্ত কোন কোন মামলার শুনানি চলছে, বুধবার তার তালিকা চেয়েছে শীর্ষ আদালত৷ জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি৷

Be the first to comment