কৃষ্ণনগর পুরসভার কাজের গতি বাড়ালেন নবনিযুক্ত প্রশাসক

Spread the love

কৃষ্ণনগর পুরসভার দীর্ঘদিনের জট খুলতে এগিয়ে এলেন নবনিযুক্ত প্রশাসক শারদ্যুতি চৌধুরি। সদর মহকুমা শাসকের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি এখন পুরসভার হাল ধরেছেন। আর দায়িত্ব গ্রহণের পরই পরিষেবা ঘাটতির মূল জায়গাগুলোতে হাত দিয়েছেন তিনি।

শহরে সবচেয়ে বেশি অসন্তোষ ছিল নিত্যদিনের ময়লা-জঞ্জাল পরিষ্কার নিয়ে। কোথাও আবর্জনা দিনের পর দিন পড়ে থাকছে, কোথাও আবার নিয়মিত পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধ ও নোংরার সমস্যা বাড়ছিল। দায়িত্ব নেওয়ার পর শারদ্যুতি চৌধুরি প্রথমেই সেই জায়গাটাই নজরে আনেন। প্রতিটি ওয়ার্ডে ফ্লেক্স লাগিয়ে জানিয়ে দেওয়া হয়েছে— কখন, কোথায় এবং কীভাবে জঞ্জাল তোলা হবে। সঙ্গে দেওয়া হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে নাগরিকরা সরাসরি পুরসভার কাছে অভিযোগ জানাতে পারবেন। লক্ষ্য একটাই—পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আর যেন গাফিলতি না হয়।

তবে সমস্যা শুধু জঞ্জালেই আটকে নেই। দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর পুরসভায় থমকে ছিল বিভিন্ন বিল্ডিং প্ল্যানের অনুমোদন। প্রায় ৪৫০টির মতো আবেদন ধুলো জমিয়ে পড়েছিল দপ্তরে। শারদ্যুতি জানান, আবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে দ্রুততার সঙ্গে। ইতিমধ্যেই ১০০টি নতুন বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলোরও আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পুরসভার এই কার্যকরী উদ্যোগে শহরবাসী প্রত্যক্ষভাবেই পরিবর্তন অনুভব করছেন। তাঁদের কথায়, বহুদিন পর এমন একজন প্রশাসক পেলো কৃষ্ণনগর, যিনি কাজকে অগ্রাধিকার দিচ্ছেন। সাধারণ মানুষের আশা, তাঁর উদ্যোগে পুরসভা আবারও ছন্দে ফিরবে। আর কৃষ্ণনগরও ফিরে পাবে তার হারিয়ে যাওয়া গৌরব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*