কাল সিইও দফতরে ছাব্বিশের ভোটের মহড়া

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল শুক্রবার ২১ নভেম্বর ছাব্বিশের ভোটের মহড়া। তারই প্রস্তুতিতে এখন ব্যস্ততা তুঙ্গে পশ্চিমবঙ্গ সিইও দফতরে। জোরকদমে চলছে ইভিএম চেকিংয়ের কাজ। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর পর্ব চলছে। রাজ্যের ৮০ হাজার ৬৮১ বুথ ছাব্বিশের নির্বাচনে বেড়ে হচ্ছে প্রায় ৯৫ হাজার। ছাব্বিশের নির্বাচনে এই ৯৫ হাজার বুথে ৩০ শতাংশ রিজার্ভ সহ ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ইভিএম প্রয়োজন। সঙ্গে ১ লক্ষ ৩৫ হাজার ভিভিপ্যাট। এই যাবতীয় উপকরণ এই মুহুর্তে রাজ্যের সিইও দপ্তরের হাতে রয়েছে। ছাব্বিশে নির্বাচনমুখী পাঁচ রাজ্যের মধ্যে সেই পশ্চিমবঙ্গেই আগেভাগে ইভিএম পরীক্ষার কাজ সেরে ফেলতে চায় কমিশন। আগামী একুশে নভেম্বর ছাব্বিশের বিধানসভা নির্বাচন উপলক্ষে ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং করবে কমিশন। এর জন্য ইতিমধ্যে রাজ্যে পৌঁছেছেন ডেপুটি নির্বাচন কমিশনার তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতী সহ কমিশনের একাধিক শীর্ষ পদাধিকারী। ২১ নভেম্বর নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ব্যাঙ্কয়েটে ভোটের মহড়া অনুষ্ঠিত হবে। ইভিএম সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ ও সচেতন করার কাজও হবে সেই মহড়ায়। প্রতিটি জেলার ইভিএম অফিসার এবং ওয়ারহাউস অফিসারদের উপস্থিতিতে প্রশিক্ষণ দেবেন বেঙ্গালুরুর ইসিআইএল-এর ( ইভিএম নির্মাতা সংস্থা) ইঞ্জিনিয়ার ও কমিশনের ইভিএম পর্যবেক্ষকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*