রোজদিন ডেস্ক :
দক্ষিণ কলকাতার জনবহুল কসবার হোটেলে গতকাল মৃত যুবকের মৃত্যু রহস্যর জট এখনও খোলেনি। ওই হোটেলের সিসিটিভি ফুটেজ সহ পারিপার্শ্বিক সব কিছু পুলিশ খতিয়ে দেখছে। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন থাকলেও কোন অস্ত্র মেলেনি। তাঁর মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ জানান, মৃত যুবকের সঙ্গে আসা দুই সঙ্গীকে খুঁজে বার করা হবে। মাত্র এক মাসের মধ্যে কলকাতার দুই হোটেলে এই ধরনের রহস্য মৃত্যুর ঘটনায় উদবিগ্ন কলকাতা পুলিশ।
মনোজ ভার্মা বলেন,খুব শীঘ্রই কসবার হোটেলে যুবকের মৃত্যু রহস্যর কিনারা করা যাবে বলে তাঁরা আশা করছেন। হোটেল মালিকদের আরও সতর্কতামুলক ব্যবস্থা নিতে তাঁরা গাইডলাইন তৈরি করছেন।
গতকালের ঘটনার তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে আছে বলে তিনি জানান।
সুত্রের খবর, নিহত যুবক ও তাঁর দুই সঙ্গী পরশু রাতে দুটি ঘরই অনলাইনে বুক করেছিলেন। পরে মৃত যুবককে তাঁর সঙ্গীদের ঘরে যেতে দেখা যায়। এরপর কি হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই দুই সঙ্গী কেনই বা গভীর রাতে চলে গেছিলেন, এর রহস্য উন্মোচনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। যে পরিচয়পত্র তাঁরা দিয়েছিলেন, তার সূত্র ধরেই তাঁদের খোঁজ চলছে। তাঁদের ধরা গেলেই যুবকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে বলে কলকাতা পুলিশের আশা।
এই ঘটনায় এলাকায় আজও চাপা উত্তেজনা আছে। ই এম বাইপাস সংলগ্ন এই অঞ্চলে বহু নামীদামি হোটেল, অতিথি আবাস আছে। এই হোটেলও তার অন্যতম। রাতভর এই অঞ্চলে যানবাহন চলাচল করে। এমন এলাকায় কি করে এমন ঘটনা হল তা নিয়ে এলাকায় গুঞ্জন অব্যাহত।
ছবি : প্রতীকী

Be the first to comment