রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। ছাড়েননি রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীকেও।
টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জির এলাকায় বহু বুথে কোন মৃত্যুর খবর কেন নেই প্রশ্ন তোলেন তিনি। টিএমসি সাংসদদের তীব্র বিরোধিতার মধ্যে তিনি কার্যত ধমক দিয়ে বলেন, আর কতদিন চোরেদের হয়ে কথা বলবেন!!
এই রাজ্যে এসআইআর নিয়ে টিএমসি-র বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। বলেন, যে বিএলও-রা মারা গেছেন, তাঁরা নিজেদের কারণে মারা গেছেন, এসআইআরের জন্য নয়।এসআইআর আতঙ্কে পানিহাটিতে যিনি আত্মহত্যা করেছেন বলা হয়েছিল, তাঁর লিখতেই অসুবিধা ছিল।
রাজ্যে এসআইআর করতে দেবেন না বলে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঠুকে বলেন, এই কাজ প্রায় হয়েই গেছে, যেটুকু বাকি আছে, তাও আজ কালের মধ্যেই হয়ে যাবে। দক্ষিণ ২৪ পরগণায় একজন বিএলও ঠিকভাবে কাজ করছিলেন বলে তাঁর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ করেন অভিজিৎ গাঙ্গুলি। নিশানা করেন রাজ্যের শাসক দলকে। তাঁদের মদতপুষ্ট বিএলও-রাই নির্বাচন দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বলেন।
নাম না করে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীকে বিঁধে বলেন, ইতালিতে মুসোলিনি ও জার্মানিতে হিটলারের আমলেও বেশ কিছু ভাল কাজ হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রশংসা করে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, ওঁদের নাম শুনলেই বুক কাঁপে তাঁদের।

Be the first to comment