যুবভারতীতে মেসি-শাহরুখ যুগলবন্দি, বড়দিনের আগেই উৎসবের মেজাজে ফুটবলপ্রেমীরা

Spread the love

রোজদিন ডেস্ক : বড়দিনে এবার শহরবাসীর জন্য সেরা উপহার হতে চলেছে যুবভারতীতে মেসি-শাহরুখ যুগলবন্দি। সব ঠিক থাকলে শুক্রবার বেশি রাতের দিকেই আড়াই দিনের ভারত সফরে কলকাতায় পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিও মেসি। শনিবার সকালে যুবভারতীতে এক অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। সেখানে থাকবেন কিং খানও। থাকার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শহরে পা দেওয়ার পর শনিবার ১৩ ডিসেম্বর তার একটি অনুষ্ঠান রয়েছে হোটেল হায়াত রিজেন্সিতে।।সেটি অবশ্য পুরোপুরি স্পনসরদের অনুষ্ঠান। সেখানে বাইরের লোকজনের প্রবেশ নিষেধ। এরপর সকাল দশটার পর তিনি আসবেন যুবভারতীতে। সেখানে তাঁর সম্মানে একটি প্রদর্শনী ম্যাচ হবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার এসির মধ্যে। ম্যাচের পর দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হবেন মেসি। সেখানেই সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হবে। শেষে খুদে ফুটবলাদের সঙ্গে “মাস্টার ক্লাস উইথ মেসিতে অংশ নেবেন তিনি। সেখানে রাজ্যের তরফে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে। থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজের মত তারকাদের। তাঁদের সঙ্গে স্টেডিয়াম পরিক্রমা করবেন মেসি। যুবভারতীর পর্ব মিটিয়ে লেকটাউন যাবেন মেসি। সেখানে ৭০ ফুটের নিজের মূর্তি উন্মোচন করবেন তিনি। তারপর দমদম বিমানবন্দর থেকে হায়দরাবাদ উড়ে যাবেন এলএম টেন। এর আগে ২০১১ সালে কলকাতায় একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি। তারপর আবার ফুটবল দুনিয়ার রাজপুত্রকে চাক্ষুষ করার সুযোগ পাবে কলকাতা। এরই মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে। কিং খান তাঁর আসা নিশ্চিত করার পর টিকিটের চাহিদা আরও বেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*