রোজদিন ডেস্ক : কেরালায় লোকাল বডি নির্বাচনে রেকর্ড ভোট পড়ল। ১৯৯৫ সালের পর এই প্রথম ভোট পড়ার এই রেকর্ড হার নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতুহল দেখা দিয়েছে। আগামী বছর কেরালায় বিধানসভা নির্বাচনের আগে এই লোকাল বডি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।। ৯ ও ১১ ডিসেম্বর এই নির্বাচন হয়। রাজ্য নির্বাচন কমিশনার এ শাহজাহান জানিয়েছেন, ১৯৯৫ সালের পর এই প্রথম বিপুল সংখ্যক ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২ কোটির বেশি ভোটার এতে অংশ নেন বলে তিনি জানান।
বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন সুত্রে প্রকাশ, দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে ভোটের হার ৭৬.০৮%। ৯ ডিসেম্বর এই হার ছিল ৭০.৯১%। দুদিন মিলিয়ে এই হার হয়েছে ৭৩.৬৯%।
রাজ্যে এসআইআর চলাকালীন এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তিতে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকারও। শনিবার সকাল থেকে গণনা শুরু হবে। ২১ ডিসেম্বর নির্বাচিত পুর ও পঞ্চায়েত প্রতিনিধিরা শপথ নেবেন।ভোট চলাকালীন মাত্র ১.৩৭% ই ভি এমে সমস্যা হয়।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার এ শাহজাহান সব ভোটদাতা, প্রার্থী, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান।
ভোট উপলক্ষে সব ব্যানার, পোস্টার ইত্যাদি অবিলম্বে সরিয়ে নিতে বলেছে নির্বাচন কমিশন, তা না হলে এর খরচ সংশ্লিষ্ট রাজনৈতিক দল কে বহন করতে হবে বলে জানানো হয়।

Be the first to comment