রোজদিন ডেস্ক : যুবভারতীতে গোট কনসার্ট-এর আয়োজক শতদ্রু দত্তের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আর্থিক লেনদেনে একাধিক অনিয়ম ধরা পড়েছে। এমনই খবর মিলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। কোটি কোটি টাকার লেনদেনের উৎস জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি। গত ১৩ ডিসেম্বর বিমানবন্দর থেকে আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে ইভেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখতে শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইডি সূত্রে খবর, ইভেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত শতদ্রু দত্তের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। ওই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল, কীভাবে ওই অর্থ তোলা হয়েছে এবং কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে, সবদিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও কোটি কোটি টাকা লেনদেনের উৎস যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ মিললে পরবর্তী ধাপে ইসিআইআর দায়ের করা হতে পারে। এদিকে যুবভারতী-কাণ্ডে চলতি মাসেই মুখ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিতে চলেছে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন মূল তদন্ত কমিটি। রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ তিন সদস্যের ওই কমিটি চারটি আলাদা কমিটির রিপোর্ট এবং সিটের তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করেই এই দ্বিতীয় রিপোর্ট তৈরি করছে। ইতিমধ্যেই এই কমিটির প্রথম রিপোর্ট জমা পড়েছে। আর তারপরই রাজ্য পুলিশের ডিজি, বিধাননগরের ডিসি-সহ একাধিক পুলিশকর্তা ও আধিকারিককে শোকজ করা হয়। তাঁরা শোকজের জবাবও দিয়েছেন। তদন্তে সেই জবাবগুলিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পূর্ত দফতর। পরিকাঠামোগত ক্ষতি কতটা, তার বিস্তারিত মূল্যায়ন করা হচ্ছে। সিট অনুমতি দিলেই স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

Be the first to comment