রোজদিন ডেস্ক : বছরের শেষে এসে প্রতিদিনই রেকর্ড ভাঙছে শীত। আজ শুক্রবার শহরের তাপমাত্রা আরও নীচে নেমে দাঁড়াল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এখনও পর্যন্ত যা সর্বনিম্ন। আবহাওয়া দফতরের খবর, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চলবে এই পারদপতন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে বড়সড় পরিবর্তনের আপাতত কোনও সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। গত ২৫ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। সবমিলিয়ে শুক্রবারই এখনও পর্যন্ত শীতলতম। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছে। আগামী কয়েকদিন একই অবস্থা চলবে। ওদিকে হাড়কাঁপানো ঠাণ্ডার শ্পেল চলছে উত্তরবঙ্গে। আগামী ২-৩ দিন কোচবিহার ও আলিপুরদুয়ারে ঠাণ্ডার সতর্কতা জারি হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি নিচে থাকছে। মালদহ এবং সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Be the first to comment