কর্মীদের হাতে জোড়া শ্লোগান তুলে দিয়ে নম্র হওয়ার বার্তা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবারের বৈঠকে জোড়া স্লোগানের উল্লেখ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম স্লোগানে প্রধানমন্ত্রীর স্লোগানের পাল্টা দিয়ে অভিষেকের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী বলেছেন, বাঁচতে চাই, বিজেপি তাই। অভিষেক এর ব্যাখ্যা করে বলেন, এই শব্দগুলির মধ্যে অনেক ষড়যন্ত্র রয়েছে। বাঁচাতে চাই এর আসল অর্থ মারতে চাই। তাই তৃণমূলের স্লোগান হবে, বাঁচতে চাই, বিজেপি বাই। অভিষেক বলেন, ২০২৯ সালের লোকসভা ভোটের ভিত গড়ার প্রস্তুতি হিসাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে দেখতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। এদিন শেষের দিকে আরও একটি স্লোগানের উল্লেখ করেছেন তিনি। বলেন, মানবে না হার, মা-মাটি-মানুষের সরকার আবার। বৈঠক শেষ হওয়ার পরেই সমাজমাধ্যমে এই শ্লোগানের প্রচার শুরু করে দিয়েছেন দলীয় নেতা, কর্মীরা।
এদিন শ্লোগানের পাশাপাশি কর্মীদের আচার আচরণ নিয়েও একগুচ্ছ নির্দেশ দিয়েছেন অভিষেক। তিনি বলেন, এই গোটা প্রচার পর্বে সাধারণ মানুষের বক্তব্য, অভাব, অভিযোগ, পরামর্শ মন দিয়ে শুনতে হবে নেতা, কর্মীদের। আচরণে দম্ভ নয়, বিনয়ী ভাব থাকতে হবে। নেতা, কর্মীদের দম্ভ ঝেড়ে ফেলে, বিনয়ী হয়ে প্রভাবশালী থেকে সাধারণ মানুষের দরবারে যেতে হবে। বিনয়ী, নম্র হয়ে সরকারের কাজ ও উন্নয়ন নিয়ে মানুষের কাছে যেতে হবে। প্রত্যেকে যেন নিজেকে ‘দিদির দূত’ বলেই মনে করেন এবং সেই রকম আচরণ করেন। নির্দেশের সুরেই একথা বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*