এসআইআর: প্রস্তুতি শেষ, আজ থেকে শুরু শুনানি পর্ব

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শনিবার থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হচ্ছে। রাজ্যজুড়ে মোট ৩,২৩৪টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এঁরা সেই সব ভোটার, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও রকম সম্পর্ক দেখাতে পারেননি। শুনানিতে পরিচয় ও ঠিকানা প্রমাণের জন্য আধার কার্ড-সহ মোট ১২টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ থাকছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে একক নথি হিসেবে গ্রহণ করা হবে না বলে কমিশন জানিয়েছে। পাশাপাশি বিহারে গত বছর হওয়া এসআইআর প্রক্রিয়ার তালিকাকেও বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুনানির জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাড়ে চার হাজারেরও বেশি মাইক্রো অবজার্ভারের কড়া নজরদারিতে শুনানি চলবে। প্রতিটি শুনানি কেন্দ্রে ইআরও, এআরও, বিএলও এবং পর্যবেক্ষকের মতো অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় সব কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে। এখনও পর্যন্ত প্রায় ২০০ থেকে ২৫০টি শো-কজ নোটিস জারি হয়েছে। যাঁদের বিরুদ্ধে নোটিস হয়েছে, তাঁদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে সাসপেনশনের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*