রোজদিন ডেস্ক : মনরেগা প্রকল্পর নাম বদল-সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। বলেন, প্রধানমন্ত্রী একা হাতেই রাজ্যগুলি ও গরিবদের ওপর নোটবন্দির মত ভয়ংকর আক্রমণ করছেন। আজ দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাহুল গান্ধী বলেন, তাঁরা সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, বিরোধী পক্ষকেই তাঁরা পাশে পাবেন বলে তাঁর আশা।
তাঁর অভিযোগ, আদানিকে সহায়তা করতে প্রধানমন্ত্রী মনরেগা-কে ধ্বংস করে ভি বি জিরামজি বিল এনেছেন। মন্ত্রিসভায় কোনও আলোচনা না করে, কোন সমীক্ষা না করেই এই সিদ্ধান্ত বলে তিনি তোপ দাগেন।
নতুন বিধিতে আদিবাসী, দলিত, ওবিসি, সংখ্যালঘু সম্প্রদায়, সাধারণ গরিব মানুষের ক্ষতি হবে জানিয়ে রাহুল গান্ধী বলেন, উদ্দেশ্য একটাই, গরিবের টাকা নিয়ে পছন্দের ধনীদের দেওয়া। সাবেক মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া, রাজ্য সরকারগুলির ওপর অতিরিক্ত খরচ চাপানো ইত্যাদি গণতান্ত্রিক কাঠামোয় আঘাত, দেশের মৌলিক স্থাপত্যে আঘাত বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সাবেক মনরেগার বদলে ভি বি জিরামজি বিলের তীব্র নিন্দা করে কেন্দ্রকে তোপ দাগেন। বলেন, যারা (বিজেপি) ধনীদের পক্ষে থাকে তারা কখনও গরিবকে সমর্থন করে না।
তাঁরা সর্বতোভাবে এর বিরুদ্ধে লড়বেন বলে জানিয়ে দেন।

Be the first to comment