রোজদিন ডেস্ক : আমেরিকার মিনেসোটার মিনিয়োপলিসে অভিবাসন আধিকারিকের গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক মহিলা। এর প্রতিবাদে ওখানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহত মহিলা রেনি নিকোল গুডের (৩৭) বিরুদ্ধে অভিবাসন আধিকারিকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সমাজ মাধ্যম সহ সর্বত্র ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মহিলা সহ দলে দলে সাধারণ মানুষ প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখান। মিনিয়াপোলিসের ডেমোক্র্যাট মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেন, অভিবাসন আধিকারিক বেপরোয়া কাজ করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য অভিবাসন আধিকারিকদের সমর্থন করেন।
ভিডিওতে দেখা যায়, অভিবাসন কর্মকর্তারা রাস্তার মাঝে একটি গাড়ির কাছে এগিয়ে যান। গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে একজন তা লক্ষ্য করে গুলি চালালে মহিলা চালক মর্মান্তিকভাবে প্রাণ হারান।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেআইনি অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে ওখানে বহু কর্মকর্তা কাজ করছেন। ভিডিওতে কেউ আহত হয়েছেন কিনা বোঝা যায়নি। মার্কিন রাষ্ট্রপতির দাবি, একজন অভিবাসন কর্মকর্তা নৃশংসভাবে গাড়ির নীচে পিষ্ট হয়েছেন। তিনি এই সব নিয়ে বামপন্থীদের (র্যাডিক্যাল লেফট) তোপ দাগেন।
নিহত রেনি নিকোল গুডের এক শিশু কন্যা আছে বলে জানা যায়।

Be the first to comment