হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে কলকাতার আলিপুর, তপসিয়া, ট্যাংরা-সহ একধিক জায়গায় সকাল থেকে সিবিআই তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক : ভুয়ো নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকারও বেশি গায়েব। এই মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় চলছে সিবিআইয়ের তল্লাশি। এদিন প্রথমে তাঁরা আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয়। কাউকে না পেয়ে পরে আলিপুরের আরও একটি বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তবে তল্লাশিতে কী মিলেছে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। এছাড়া ট্যাংরা শিল্পতালুকের একাধিক জায়গাতেও হানা দিয়েছে সিবিআই। সেখানে ভারা টেকনোলজি নামক সংস্থার দফতরে তল্লাশি চলছে। কানোরিয়া ফাউন্ডেশন নামে সংস্থার সঙ্গে যোগ রয়েছে এই সংস্থার। জনৈক সুনীল ও হেমন্ত কানোরিয়া নামে দুই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। একই সঙ্গে এদিন তপসিয়াতেও ওই সংস্থার অফিসে তল্লাশি করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই তল্লাশি অভিযান। এই মামলায় আগে সিবিআইয়ের পাশাপাশি অন্য কেন্দ্রীয় সংস্থাগুলিও তদন্ত করেছে। তদন্ত করেছে ইডিও। অভিযোগ, ২০১৪-২০ সাল পর্যন্ত প্রায় ছ’বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দফায় দফায় প্রায় হাজার কোটি টাকা ঋণ নিয়ে নয়ছয় করা হয়েছে। মামলায় নাম জড়িয়েছে দুই ব্যবসায়ী, দুই সংস্থা এবং এক সরকারি অফিসারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*