রমিত সরকার, নদীয়া :
নদিয়া জেলার মধ্যে শান্তিপুর ব্লক বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় স্থানে রয়েছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বাংলা গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কুড়ি লক্ষ গরিব পরিবারকে প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই খাতে রাজ্য সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১৮০ কোটি টাকা।

গোটা রাজ্যের পাশাপাশি এদিন শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকেও উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। শান্তিপুর ব্লকে দ্বিতীয় ধাপে মোট ৮১৮১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রথম ধাপে শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর থেকে ৪২১৬ জন উপভোক্তাকে ঘর দেওয়া হয়েছিল। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, নদিয়া জেলার মধ্যে শান্তিপুর ব্লক দ্বিতীয় স্থানে রয়েছে। এই ব্লকের মধ্যে সর্বাধিক উপভোক্তা রয়েছে নবলা গ্রাম পঞ্চায়েতে এবং দ্বিতীয় স্থানে রয়েছে বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছে এবং মানুষের অভিযোগ যাচাই করে উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। রাজ্য সরকারের তহবিলের টাকা মানুষের হাতে তুলে দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ছবি: কাজল বসাক

Be the first to comment